Skip to content

ক্যারিয়ার, পেশা ও বৃত্তি: পার্থক্য ও বিস্তারিত আলোচনা

ক্যারিয়ার এর ধারণা: ক্যারিয়ার এর ধারণাটি ভালোভাবে বোঝার জন্য এর সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ সম্পর্কে ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন। এসো নিচের শব্দগুলোর সাথে পরিচিত হই। এগুলো কি একই অর্থ বহন করে নাকি ভিন্ন ভিন্ন কিছু? কর্মসংস্থান বলতে আমরা সাধারণত কী বুঝি? চাকরি আর পেশার মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আসলে রয়েছে? থাকলে সেগুলো কী? এগুলো নিয়ে একটু গভীর চিন্তা করা যাক-

  • কাজ (Work)
  • ক্যারিয়ার (Career)
  • পেশা (Profession)
  • বৃত্তি (Vocation/Occupation)

ক্যারিয়ার সংক্রান্ত উপরের এই চারটি ধারণাগুলোর মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ণয় করা আসলেই বেশ কঠিন। ধারণাগুলো একটি আরেকটির সাথে ভালভাবে সম্পর্কিত। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই আমরা এই ধারণাগুলোকে কাছাকাছি অর্থে ব্যবহার করি। যেমন- আমরা অনেক প্রায় সময় বলি আমার পিতা একজন কৃষক। কৃষি কাজ তার প্রধান কর্ম আবার বলি, কৃষিকাজই তার পেশা। কিন্তু এই শব্দগুলোর মধ্যে বিস্তর কিছু পার্থক্য রয়েছে। এখন আমরা এই পার্থক্য বোঝার চেষ্টা করব। তাহলে এবার চলো নিচের কাহিনিটি মনোযোগ দিয়ে আগে পড়ি-

বুঝার জন্য বিস্তারিত কেস স্টাডি: রহিমা বগুড়া জেলার একটি বেসরকারি সংস্থায় (এনজিও) নির্বাহী পরিচালক হিসেবে কিছুদিন হল পদোন্নতি পেয়েছে। তাকে অভিনন্দন জানানোর জন্য তার কলিগরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে উঠেই রহিমা বাগানে ও রান্নাঘরে কাজ করছেন আর মনে মনে চিন্তা করছে আজকের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় কী কী বলবে।

তিনি মনে মনে ভাবছেন, শিক্ষাকাল থেকেই তার গ্রামের নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল- একথা দিয়েই তিনি শুরু করবেন। তার বাবার ইচ্ছা ছিল রহিমা শিক্ষক হোক। কিন্তু তার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল বড় কোন এনজিওতে ভাল পদে কাজ করার। তাই তিনি সমাজকর্ম বিষয়ে পড়তে চেয়েছিলেন, যা তার কাজের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু সে সুযোগ তার হয়নি। ভর্তি পরীক্ষা দিয়ে তিনি রাষ্ট্র বিজ্ঞানে পড়ার সুযোগ পেয়েছেন।

স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষে এনজিও-তে যোগ দেবার জন্য যা যা যোগ্যতা লাগে তা পূরণে রহিমা বিভিন্ন কোর্স করেছেন এবং প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এরপর তিনি একটি এনজিওতে মাঠ কর্মকর্তা হিসেবে যোগ দেন । সেখানে তিনি শিশু শিক্ষা নিয়ে কাজ করতেন। অথচ রহিমার ইচ্ছা ছিল গ্রামের নারীদের কর্মসংস্থান নিয়ে কাজ করার। এজন্যে তখন তিনি বেশ কটি এনজিওতে পরীক্ষা আর সাক্ষাৎকার দেন।

অবশেষে তিনি স্বনামধন্য একটি এনজিও-তে প্রোগ্রাম অফিসার হিসেবে যোগ দেন। তিন বছর পরে তিনি আজকের এই এনজিওতে যোগ দেওয়ার সুযোগ পান। গ্রামের অসহায় মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই প্রতিষ্ঠান এর খুবই নাম। খুব দ্রুত অভিজ্ঞতা আর কাজের দক্ষতা অর্জনের মাধ্যমে তার পদোন্নতি হয়ে যায়।

আজ রহিমা তার স্বপ্ন পূরণের এই পথটি মনের জানালায় দেখতে পাচ্ছেন । অনেক শ্রম আর সাধনার পথ এটি, তবে অবশ্যই সাফল্য মণ্ডিত। তারপর তিনি তার বাগান থেকে একটি রজণীগন্ধা ফুল তুলে এনে বাসায় ফুলদানিতে রাখেন। এটিও অনেক পরিশ্রম আর যত্নের ফসল।

আরো দেখুন: ক্যারিয়ার বিকাশের বিভিন্ন ধাপ বা পরিকল্পনা

উপরের ঘটনাটি থেকে ছোট দলে ভাগ হয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি :

১. রহিমা বাগানে/রান্নাঘরে যে কাজ করছিলেন এটিকে আমরা কী বলতে পারি? কাজ, পেশা, বৃত্তি, চাকরি নাকি ক্যারিয়ার? তোমাদের উত্তরে সাথে অন্য বিষয়গুলোর পার্থক্য কী?

২. শিক্ষকতা করা বা এনজিওতে কাজ করাকে পেশা, বৃত্তি, কাজ, চাকরি, ক্যারিয়ার- এগুলোর কোনটি বা কোনগুলোর মধ্যে ফেলা যায় ? এবং কেন ?

৩. এনজিওতে চাকরি করার সময় রহিমা একেক সময় একেক পদে নিয়োজিত ছিলেন। যেমন- মাঠ কর্মকর্তা, প্রোগ্রাম অফিসার, নির্বাহী পরিচালক। এগুলোকে আমরা কী বলব। কাজ, পেশা, বৃত্তি, চাকরি নাকি ক্যারিয়ার? যুক্তি সহকারে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও।

কাজ এর অর্থ আসলে অনেক বিশাল। কোনো উদ্দেশ্য পূরণের জন্য যেকোনো শারীরিক/মানসিক কর্মকাণ্ডই হল কাজ। এটি টাকা উপার্জনের জন্য হতে পারে বা, টাকা উপার্জন ছাড়াও হতে পারে। পেশা মূলত এমন একটি কাজ যার জন্য ব্যক্তির বিশেষ ধরনের শিক্ষা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার প্রয়োজন হয়।

আর বৃত্তি হলো এমন একটি কাজ, যা দ্বারা কোনো ব্যক্তি বিশেষ কোনো শিক্ষা বা দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ ছাড়াই টাকা আয় করতে পারে। এটি ক্যারিয়ার এর সাথে সম্পর্কিত হলে হতেও পারে, আবার নাও হতে পারে। তবে ক্যরিয়ারের সাথে পেশা বেশি সম্পর্কযুক্ত, দুটি ধারণাই কাছাকাছি।

উদাহরণ হিসেবে বলা যায়, যারা বাড়ির নকশা করেন তারা হলেন পেশাজীবী। আর যারা বাড়ি নির্মাণ করেন তারা বৃত্তিধারী। আশা করি বুঝানো গেল।

আমাদের আলোচনা থেকে পাওয়া ধারণার সাথে নিচের বর্ণনাগুলো মিলিয়ে দেখি-

কাজ: কোনো কিছু করাকে সাধারণ ভাষায় কাজ বলে। এটি একটি বিস্তিত ধারণা যার মধ্যে যেকোনো ধরনের কর্মকাণ্ড অন্তর্ভুক্ত থাকতে পারে। চাকরি, পেশা/ক্যারিয়ার এর ক্ষেত্রে মানুষকে যা যা করতে হয়, সেগুলো কোনো না কোনো কাজ এর আওতাভুক্ত। এর বাইরেও প্রতিদিনের জীবনে মানুষ যা করে যেমন- খাওয়া, গোসল, বাগান করা, লেখাপড়া করা, ব্যায়াম, বাজার করা এগুলোকেও আমরা কাজ বলে প্রকাশ থাকি।

কোন ব্যক্তির কর্মক্ষেত্রে নির্দিষ্ট পদে অবস্থান করাকে চাকরি বলে। যেমন- সরকারি/বেসরকারি হাসপাতালের ডাক্তার, ডিসি অফিসের পরিচ্ছন্নতা কর্মী, স্কুলের দারোয়ান, কোম্পানির কর্মী ইত্যাদি।

বৃত্তি ও পেশা: বৃত্তি ও পেশা শব্দ দুইটিকে মাঝে মাঝে একই অর্থে ব্যবহার করা হয়। যদিও বৃত্তি ও পেশা শব্দ দুটির মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে। পেশার ক্ষেত্রে একাডেমিক শিক্ষা ও প্রশিক্ষণের দরকার হয়, যা সাধারণত বৃত্তির জন্য দরকার হয় না। যেমন- একটি জটিল বিল্ডিং এর নকশা যে স্থপতি করেন তাকে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা ও প্রশিক্ষণ নিতে হয়। তাই এটি তার পেশা/শখ। অন্যদিকে যারা নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী) তাদের কাজকে বৃত্তি বলা যায়।

ক্যারিয়ার: সব শেষে বলতে পারি- ক্যারিয়ার হলো সকল ধরনের কাজ, পেশা, চাকরি/জীবন অভিজ্ঞতার সমন্বিত একটি রূপ, যা একজন ব্যক্তি তার সারা জীবনে অনেক পরিশ্রমের মাধ্যমে অর্জন করে।

এই ছিল আমাদের আজকের লেখা, দেখা হবে আবার পরের কোন লেখাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *